‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে
- আপডেট সময় : ১১:৫৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

দর্শনার্থীদের কাছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে পরিচিত বিরল অ্যালবিনো প্রজাতির সাদা মহিষটিকে জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এ স্থানান্তর করা হয়েছে। প্রাণীটির সংরক্ষণ, গবেষণা ও প্রজনন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে প্রশাসনিক সিদ্ধান্তে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে স্থানান্তরের পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি বলেন, প্রাণীটির দীর্ঘমেয়াদি সংরক্ষণ এবং গবেষণার স্বার্থেই এটিকে বিএলআরআইতে হস্তান্তর করা হয়েছে।
বিরল বৈশিষ্ট্যের কারণে সাদা মহিষটি জাতীয় চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ ছিল। বিশেষ করে এর নামকে ঘিরে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়।
এর আগে কোরবানির ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের একটি খামারে থাকা অ্যালবিনো প্রজাতির এই সাদা মহিষটির মাথার সামনের অংশের বিশেষ ধরনের চুলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের মিল থাকায় খামারের মালিক এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। নামটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পরবর্তীতে সরকার প্রাণীটিকে কোরবানি না দিয়ে সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। এরপর গত ২৭ মে এটিকে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়। সেখানে কিছুদিন প্রদর্শনের পর এবার গবেষণা ও প্রজনন কার্যক্রমের জন্য সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, বিএলআরআইতে বিরল এই অ্যালবিনো সাদা মহিষের সংরক্ষণ ও প্রজনন কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং ভবিষ্যতে এ বিষয়ে গবেষণায় নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।







