সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়
স্বাচিপ নেতার বিরুদ্ধে ভিপি নুরকে হুমকির অভিযোগ
- আপডেট সময় : ০৯:৪৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর এক নেতার হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
অভিযোগ উঠেছে, স্বাচিপ নেতা ডা. হাবিবুর রহমান সোহাগ নুরুল হক নুরকে উদ্দেশ্য করে উসকানিমূলক ও ভীতিপ্রদর্শনমূলক বক্তব্য দেন। তিনি নুরের ‘চেয়ার কেড়ে নেওয়া’, ‘দেখে নেওয়া’ এবং প্রয়োজনে হাসপাতাল বন্ধ করে দেওয়ার মতো মন্তব্য করেছেন বলে দাবি করা হচ্ছে।
শুক্রবার (২৪ জুলাই) দেওয়া ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গন ও পেশাজীবী মহলে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই একজন চিকিৎসক ও পেশাজীবী সংগঠনের নেতার এমন ভাষা ব্যবহারে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও হুমকি বা ভীতিপ্রদর্শনমূলক বক্তব্য গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।
এদিকে, স্বাস্থ্যসেবা খাতকে জিম্মি করার ইঙ্গিত রয়েছে! এমন অভিযোগও তুলেছেন সমালোচকরা। তারা বলছেন, চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ খাতকে রাজনৈতিক বক্তব্যের সঙ্গে যুক্ত করা অনাকাঙ্ক্ষিত এবং জনস্বার্থের পরিপন্থী।
তবে এ ঘটনায় ডা. হাবিবুর রহমান সোহাগের বক্তব্য বা অভিযোগের বিষয়ে তার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যুক্ত করা হবে।







