বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা
তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ
- আপডেট সময় : ০৮:২২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮০ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ভুয়া অ্যাকাউন্ট ও পেজ পরিচালিত হচ্ছে। এসব অ্যাকাউন্ট থেকে মন্ত্রীর নামে অনুমোদনহীন বক্তব্য ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ভুয়া অ্যাকাউন্ট ও পেজের মাধ্যমে মন্ত্রীর পরিচয় ব্যবহার করে বিভিন্ন ধরনের তথ্য প্রচার করা হচ্ছে, যার সঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বা মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। এসব কর্মকাণ্ড বেআইনি ও অনৈতিক বলেও উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, জহির উদ্দিন স্বপনের নামে শুধুমাত্র একটি ভেরিফায়েড (ব্লু-ব্যাজ) ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। এর বাইরে তার নামে পরিচালিত অন্য কোনো অ্যাকাউন্ট বা পেজ অনুমোদিত নয়।
বিবৃতিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ভুয়া অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রচারিত কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এ ধরনের অ্যাকাউন্ট শনাক্ত হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহায়তা করার অনুরোধ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মতে, ভুয়া পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনসাধারণকে বিভ্রান্ত করার প্রবণতা বাড়ছে। তাই সরকারি তথ্যের ক্ষেত্রে কেবল ভেরিফায়েড ও অফিসিয়াল সূত্র অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।







